রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীর আইনশৃঙ্খলা সভায় মব কালচার, মাদক ও সার মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ

জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বরের সভায় অপরাধ দমন, বাজার মনিটরিং, ফ্যামিলি কার্ড-কৃষক কার্ডের স্বচ্ছতা ও অবৈধ অটোরিকশা বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা চলে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন সভায় উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব ও অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তালিকা তৈরি ও বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট কমাতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার সীমা খানম, ডিজিএফআইয়ের রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআইয়ের রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।