মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর গাজীপুরে রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য সতর্ক অবস্থানে আছেন বলে তিনি জানান।
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বন্ধ থাকা একটি কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়কে নামেননি এবং বেলা ১১টার দিকে সেখান থেকে চলে যান।
শ্রীপুরে অবশ্য কয়েক দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। বেলা সোয়া ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় তাঁরা অবস্থান নিলে পুলিশ ধাওয়া দেয়; এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এর আগে শ্রমিকেরা একটি ট্রাক ও একটি বাসের সামনের কাচ ভাঙচুর করেন। সাড়ে ১১টার দিকে নতুন বাজার ইউটার্নে অবরোধের চেষ্টার সময় কয়েকটি বাসে ইটপাটকেল ছোড়া হয় এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয়। দুপুর পৌনে ১২টার দিকে গিলারচালা এলাকায়ও একই চেষ্টা হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক মো. মোতাহার হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। আরেক শ্রমিক সজিব মিয়া বলেন, দ্রুত দাবি পূরণ হলে তাঁরা কাজে ফিরবেন, না হলে আন্দোলন ছাড়া উপায় নেই। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে এক শ্রমিক দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।