২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে কোহলির শেষ, জানালেন অবসরের কারণও
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে তাঁর শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছেন।
ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি আরও একবার দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। গতকাল জিওস্টারের কাছে তিনি নিশ্চিত করেছেন যে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।
কোহলি বলেন, “আমার কাছে এটি ভারতের হয়ে শেষ বিশ্বকাপ। এটিই আমার অনুপ্রেরণা। আমি আমার সবকিছু উজাড় করে দিতে চাই।” তিনি আরও যোগ করেন, “অবশ্যই লক্ষ্য হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা প্রয়োজন, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।”
৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান ওয়ানডেতে ৫৪টি সেঞ্চুরি করেছেন, যা এই ফরম্যাটে সর্বোচ্চ। ১৪,৯৪১ রান নিয়ে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কেবল শচীন টেন্ডুলকার ১৮,৪২৬ রান নিয়ে তাঁর ওপরে রয়েছেন।
কোহলি ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং এখন শুধু ওয়ানডেতে ভারতের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তবে ২০২৩ সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায়। ২০২৭ সালের বিশ্বকাপটি কোহলির পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ হবে।
অন্যদিকে, ভারতের আরেক সাবেক অধিনায়ক রোহিত শর্মাও শুধু ওয়ানডে খেলছেন এবং বিশ্বকাপের প্রতি তাঁর আগ্রহ অটুট রয়েছে। কোহলি ও রোহিত দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে আছেন। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী রবিবার তিরুভনন্তপুরমে অনুষ্ঠিত হবে।