জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে বলে জানান ওসি।
আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাঁকে থাপ্পড় দেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদলের এক নেতা শাখাওয়াতের নাম জানতে চান এবং সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না জিজ্ঞেস করেন। শাখাওয়াত আর করবেন না বলে জানান। এরপর তাঁকে কান ধরতে বলা হলে তিনি কান ধরেন। পরে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
ভিডিওতে করা প্রশ্ন ও অভিযোগের বিষয়ে শাখাওয়াতের নিজস্ব কোনো বক্তব্য ওই ভিডিওর বাইরে পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি; পুলিশ বলছে, আইনগত পদক্ষেপ নির্ধারণে যাচাই-বাছাই চলছে।