নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরির প্রস্তাবের জবাবে আগামী সোমবার (১৬ নভেম্বর) নিজেদের মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। বোর্ডের তৃতীয় সভা ওই দিন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া চললেও তৈরি পোশাক খাতের শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি কারখানার শ্রমিকেরা বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। আশুলিয়ায় কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে যান। বিজিএমইএর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ১৪৬টি, বুধবার ১৮২টি এবং বৃহস্পতিবার ২০৪টি কারখানা শ্রমিক বিক্ষোভের কারণে ছুটি দিতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবারের সংখ্যার মধ্যে ১৩৭টি সাভার-আশুলিয়ায় এবং ৬৭টি গাজীপুরে। টানা অস্থিরতার মুখে সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।
এর মধ্যে শনিবার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই সভায় যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেগুলো শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ রাখা এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডের আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না।’ মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মজুরি প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?’
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, তাঁরা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কোনো ধর্মঘট ডাকেননি এবং শ্রমিকদের আন্দোলন করতেও বলেননি।
মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে গত মাস থেকে শ্রমিকেরা আন্দোলন করছেন। আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেন। আলোচনা শুরু হওয়ার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত তিন দিনে ছুটি দেওয়া কারখানার সংখ্যা আবার বেড়েছে।