বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মেহেরপুরের গাংনী সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, চার মামলার আসামি আটক

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৩১ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ একজনকে আটক করা হয়েছে।

মেহেরপুরের গাংনী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের চারটি মামলার এজাহারভুক্ত আসামি মো. আশরাফুল ইসলাম বেল্টুকে (৩০) আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কাজিপুর সীমান্তচৌকির একটি বিশেষ টহল দল শেওড়াতলা সীমান্তচৌকির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে শেওড়াতলা পাকা সড়কের ওপর থেকে আশরাফুলকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি গাংনী উপজেলার শেওড়াতলা মধ্যপাড়া গ্রামের সেন্টু আলীর ছেলে। তাঁর কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেনসিডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও চলবে।