রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু, কমলো তেলের দাম

নিউ ইয়র্কে দুই দেশের মধ্যস্থতাকারীদের আলোচনা শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি কমেছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আমেরিকা ও ইরানের মধ্যে পথ খোঁজার প্রচেষ্টার কারণে শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি কমেছে। এই ঘটনা এমন সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে।

নিউ ইয়র্কে অবস্থানরত মার্কিন ও ইরানি মধ্যস্থতাকারীরা যুদ্ধ থামানোর একটি সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা শুরু করার পর তেলের বাজারে এই পতন ঘটে। আলোচনার সাথে সংশ্লিষ্ট সূত্রের মতে, প্রস্তাবিত খসড়া অনুযায়ী ওয়াশিংটন যদি ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়, তবে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ আবার খুলে দেবে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে, পারমাণবিক কর্মসূচি থেকে তারা সরে আসবে না। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে আমেরিকা যদি তাদের প্রস্তাব মেনেও নেয়-যার মধ্যে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের শর্ত রয়েছে-তবুও পারমাণবিক কর্মসূচির বিষয়ে তেহরান কোনো আপস বা নমনীয়তা প্রদর্শন করবে না।”

হরমুজ প্রণালী এখনো তেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রবিন্দু। শিপিং ট্র্যাকিং সংস্থা ‘কেপলার’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহে এই পানিপথ দিয়ে ৩ কোটি ৩৭ লক্ষ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা আগের সপ্তাহের রপ্তানি মাত্রার সাথেই সামঞ্জস্যপূর্ণ। মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর আগে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হতো।

একই সময়ে, আমেরিকান ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের আলোচনা জ্বালানি তেলের দামকে প্রভাবিত করার আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সম্ভাবনা মার্কিন ক্রুড ফিউচার এবং গ্লোবাল ব্রেন্ট বেঞ্চমার্কের মধ্যে পার্থক্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। এটি নির্দেশ করে যে, মার্কিন রিফাইনারিগুলো যদি তাদের উৎপাদিত ডিজেল রপ্তানি করতে না পারে, তবে তারা কম ক্রুড অয়েল প্রসেস করবে।

এছাড়া, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার কারণে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও বাজারকে প্রভাবিত করছে। হুথি আক্রমণ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করার বিষয়ে আলোচনা করতে সৌদি, তুরস্ক এবং পাকিস্তানের সামরিক প্রধানগণ বৈঠকে বসতে যাচ্ছেন। এই হামলাগুলো ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধেরই অংশ, যা জ্বালানি তেলের বিশ্ববাজারকে চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

এই পতনের ফলে সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধির হার ১%-এর নিচে নেমে এসেছে এবং ডব্লিউটিআই-এর দাম সপ্তাহে প্রায় ৮% কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.২৮ ডলার বা ২.১৪% কমে ১০৪.৩০ ডলারে নেমে এসেছে। আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউআইটি)-এর দাম ব্যারেল প্রতি ২.২০ ডলার বা ২.৩৩% কমে ৯২.৪১ ডলারে অবস্থান করছে।