বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার হরিপুর বিলে জলাবদ্ধতা, ৭০০ বিঘায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা; তলিয়ে গেছে রবিশস্যের বীজ

গত সপ্তাহের টানা তিন দিনের বৃষ্টিতে বিলে পানি জমেছে; স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছর ধরে এই ভোগান্তি চললেও স্থায়ী নিষ্কাশনব্যবস্থা হয়নি।

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বিলের মাঠে প্রায় ৭০০ বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকেরা। একই জমিতে আগাম বপন করা মসুর, সরিষা ও মটরসহ বিভিন্ন রবিশস্যের বীজও পানির নিচে তলিয়ে গেছে। এতে পাকা ধান নষ্ট হওয়ার পাশাপাশি পরের ফসল উৎপাদনের অনিশ্চয়তায় বিপাকে পড়েছেন চাষিরা।

স্থানীয় কৃষকেরা জানান, গত সপ্তাহে টানা তিন দিনের বৃষ্টিতে মাঠে পানি জমে ধান কাটার কাজ বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও পানিতে ডুবে ধান পচে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। আবার পানি সরতে না পারায় নতুন করে রবিশস্য চাষের সুযোগও মিলছে না।

হরিপুরের কৃষক আবদুস সাত্তার শেখ বলেন, তিনি ১৩ বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন, কিন্তু জমিতে পানি থাকায় পাকা ধান কাটতে পারছেন না। নূর আলম রনি বলেন, আনন্দের সঙ্গে ধান ঘরে তোলার সময়ে গত সপ্তাহের বৃষ্টিতে পুরো বিল পানিতে ডুবে গেছে। রফিকুল ইসলাম জানান, ব্যাংকঋণ নিয়ে ধান লাগিয়েছেন, আবার আগাম বীজ ফেলে আরও বিপাকে পড়েছেন। তাঁরা দ্রুত পানি নিষ্কাশনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

স্থানীয়দের দাবি, প্রায় ৫০ বছর ধরে বর্ষা ও অতিবৃষ্টিতে এই মাঠে পানি জমে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আগে সরু পাইপের মাধ্যমে বিলের পানি পদ্মা নদীতে নিষ্কাশনের ব্যবস্থা ছিল। কিন্তু পানি প্রবাহের পথের আশপাশে ঘরবাড়ি নির্মাণসহ নানা কারণে সেই ব্যবস্থা কার্যকারিতা হারিয়েছে। খাল, নালা ও প্রবাহের পথ সচল করা গেলে অতিবৃষ্টির পানি দ্রুত পদ্মায় সরানো সম্ভব বলে মনে করছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা হাজি বজলুর রহমান বলেন, পরিকল্পিতভাবে ব্যবস্থা নিলে ১০ মিনিটের মধ্যে বিলের পানি নিষ্কাশন করা সম্ভব।

হরিপুর ইউপি চেয়ারম্যান এম মুস্তাক আহমেদ মাসুদ বলেন, বহুবার চেষ্টা করেও কাজ হয়নি। আগে ছোট পরিসরে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, সেটি এখন দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে গেছে। হরিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সাম্মী আক্তার বলেন, এখন ধানের ক্ষতি হয়নি, তবে পানি নিষ্কাশনে দেরি হলে চাষিরা ক্ষতির মুখে পড়বেন। স্থায়ী নিষ্কাশনব্যবস্থার বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হবে এবং আগাম বীজ বপন করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কৃষি প্রণোদনার বীজ দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।