জলবায়ু ন্যায্যতার দাবি এবং বৈশ্বিক সংহতির অংশ হিসেবে পাবনার চাটমোহরে পথসভা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
‘ধরিত্রী রক্ষায় আমরা’, ‘চলনবিল রক্ষায় আমরা’, ‘চিকনাই নদী রক্ষায় আমরা’ এবং ওয়াটার কিপার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আয়োজকেরা জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী করপোরেশনগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। এ ছাড়া জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ, ঋণমুক্ত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানি থেকে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায্য রূপান্তরের দাবিও তোলা হয়।
সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন ‘চলনবিল রক্ষায় আমরা’র আহ্বায়ক হেলালুর রহমান জুয়েল। বক্তব্য দেন চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের পরিবেশ ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড. মুক্তি মাহমুদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ‘চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম এবং ‘চিকনাই নদী রক্ষায় আমরা’র সদস্য সচিব মো. খলিলুর রহমান।
পথসভা শেষে একটি সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একই সময়ে তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১) চলছে।