নোয়াখালীর চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে নিহতের ছেলে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়ির পাশে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় এক শিশুর গায়ে বল লাগলে একজন ক্ষুব্ধ হয়ে শিশুদের বল নিয়ে নিজের বাড়িতে চলে যান। পরে বল ফেরত আনতে গেলে তিনি তা ফেরত দেননি। একপর্যায়ে ওই শিশু বলের বদলে তাঁদের একটি পানির বালতি নিয়ে চলে আসে।
এ নিয়ে শিশুর মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিতে এবং বল আনতে গেলে অন্য পক্ষের এক নারীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। অভিযোগ অনুযায়ী, এরপর ফয়সাল নামে একজন সাত-আটজনকে সঙ্গে নিয়ে হামলা চালান। নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে মীর হোসেনকে মারধর করা হয় এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ছেলের করা হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।