গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশের উদ্যোগে এখনো সাড়া দেয়নি ভারত। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির সময়সীমা শেষ হতে চললেও দিল্লি নবায়নে রাজি হয়নি বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সূত্রগুলোর মতে, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনই নবায়নের পথে প্রধান বাধা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি নবায়ন না হলেও আপাতত বিদ্যমান শর্ত অনুযায়ী পানিবণ্টন অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশাবাদী। তবে নবায়ন ছাড়া ভারত পানিবণ্টনে কতটা উদারতা দেখাবে, তা আগামী ডিসেম্বরেই বোঝা যাবে। চুক্তি নবায়নে গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটি একাধিকবার ভারতকে আলোচনার জন্য কমিটি গঠনের অনুরোধ জানালেও দিল্লি তাতে সাড়া দেয়নি। সূত্রের হিসাবে, দুই পক্ষ আলোচনায় বসলেও চুক্তি সম্পাদনে কমপক্ষে ছয় মাস প্রয়োজন; ফলে মেয়াদ শেষের আগে নবায়ন সম্ভব নয়।
পানিসম্পদমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে এবং ভারতের সঙ্গে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগও নেওয়া হয়েছে।
গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চুক্তির শর্তাবলি নিয়ে কাজ করার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা রয়েছে এবং দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) আছে। গঙ্গা চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও তিনি জানান। ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, শুষ্ক মৌসুমে ভারত কীভাবে আরও বেশি পানি পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই চুক্তিতে তাঁদের রাজ্যের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের ২০ কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি ভাগ করা হয়। গত বছরের ৬ মার্চ কলকাতায় দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে নীতিগতভাবে নবায়নে সম্মতি হলেও পরে তা আর এগোয়নি। যৌথ নদী কমিশনের সর্বশেষ কারিগরি বৈঠক হয় গত মে মাসে। সূত্রগুলো বলছে, হাতে থাকা অল্প সময়ে মন্ত্রী পর্যায় থেকে উদ্যোগ না নিলে চুক্তির মেয়াদ শেষে শুষ্ক মৌসুমে দেশে পানিসংকট তৈরির আশঙ্কা রয়েছে।