স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার ইঙ্গিত মেলে এমন বক্তব্য দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটাবে।
টিআইবির ভাষ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মন্তব্য করেছেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়।
সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব, যার জন্য তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অর্থ নেওয়া হবে কেন, সে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, চাকরির শুরুতেই এমন পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন। বক্তব্যটি সরকারের অবস্থান কি না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে বলেও তিনি জানান।
টিআইবির বিজ্ঞপ্তিতে আইনি বিধানের কথাও তুলে ধরা হয়েছে। সংস্থাটির দাবি, দণ্ডবিধির ১৬১ ধারা অনুযায়ী সরকারি কাজ করার প্রণোদনা হিসেবে বৈধ পারিশ্রমিকের বাইরে সুবিধা গ্রহণ শাস্তিযোগ্য, আর ১৬৫ ধারায় দাপ্তরিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী দাতার প্রতি দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করে এমন উপহার নিতে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। সচিব বা সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রে নির্দিষ্ট উৎস থেকে পাওয়া প্রতিটি উপহারের মূল্যসীমা ৫০০ টাকা, আর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল অনুযায়ী লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সামগ্রীর ক্ষেত্রে সর্বোচ্চ মূল্য ৫ হাজার টাকা। টিআইবির মতে, এ দুই সীমিত বিধানের কোনোটিই দাপ্তরিক কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের লভ্যাংশ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না।
সংস্থাটি অবিলম্বে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান পরিষ্কার করা এবং ওই বক্তব্যের পেছনে যে সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে, তাঁদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে।