শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে পাণ্ডব নদের ভাঙনে ধসে পড়ছে গ্রামের পাকা সড়ক, আতঙ্কে দক্ষিণ সাদিসের বাসিন্দারা

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে নদীর পাড় ভেঙে সড়কের বড় অংশ বিলীন হয়েছে; ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে পাণ্ডব নদে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর অব্যাহত ভাঙনে তীরবর্তী গ্রামীণ পাকা সড়ক ধসে পড়ছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বসতভিটা হারানোরও আশঙ্কা করছেন তাঁরা।

দক্ষিণ সাদিস গ্রামের প্রধান পাকা সড়কের একটি বড় অংশ ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। সড়কের মাঝখানে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ গভীর ফাটল সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বাকি অংশও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে কয়েক গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে নদীভাঙন চলছে। প্রতিদিনই নদীর পাড় ভেঙে সড়কের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ছে। স্থানীয় পল্লিচিকিৎসক মাওলানা মনজুর রহমান বলেন, ‘প্রতিদিন নদীতে আমাদের গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। এই সড়ক বিলীন হয়ে গেলে দক্ষিণাঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়িও থাকবে না।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল জানান, তিনি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙনকবলিত এলাকায় অর্থ বরাদ্দ দিয়ে ভাঙন রোধের চেষ্টা চলছে। স্থানীয়েরা জানান, পরিদর্শনের পর স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

এলাকাবাসীর দাবি, ভাঙনকবলিত এলাকায় ব্লক ফেলে অথবা কার্যকর বাঁধ নির্মাণ করে সড়ক ও বসতবাড়ি রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তাঁরা।