শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চরফ্যাশনে বরফের সংকটে ধরা মাছ পচে যাচ্ছে, মেঘনার সামরাজ ঘাটে ভাসছে মরা ইলিশ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরা জেলেদের অনেকে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় পচা মাছ নদীতে ফেলে দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভোলার চরফ্যাশনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে বরফের সংকটে ধরা মাছ সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে পচে যাওয়া মাছ নদীতে ফেলে দিচ্ছেন জেলেরা। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে মেঘনার সামরাজ ঘাটে গিয়ে দেখা যায়, নদীর পাড়ে ও পানিতে শত শত মরা ও পচা মাছ ভাসছে। দুর্গন্ধে ঘাটে আসা জেলে ও স্থানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছেন।

স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় গোপনে অনেকেই নদীতে নেমেছিলেন। প্রচুর মাছ ধরা পড়লেও বরফের সংকট ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছ দ্রুত পচে যায়। সামরাজ ঘাটের জেলে রফিক মাঝি বলেন, বরফ ছাড়া মাছ বেশিক্ষণ ভালো থাকে না; অনেক মাছ বিক্রি করতে না পেরে পচে গেছে, তাই নদীতে ফেলে দিতে হয়েছে।

পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, পচা মাছ নদীতে ফেলায় পানি দূষিত হচ্ছে এবং নদীর জীববৈচিত্র্য হুমকিতে পড়ছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। পচা মাছ নদীতে না ফেলতে জেলেদের সচেতন করা হবে বলেও তিনি জানান। তবে স্থানীয়দের দাবি, মেঘনা ও তেঁতুলিয়ায় নিয়মিত টহল জোরদার না থাকায় জেলেরা নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরতে পেরেছেন।