বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে জড়িতদের ছাড় নয়: ৬৪ জেলার এসপিদের কড়া নির্দেশ আইজিপির, বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট

পুলিশ সদর দপ্তর বলছে, মঙ্গলবার সারা দেশে ২২টি যানবাহনে আগুন ও ২৮ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে; ঢাকায় অন্তত ৩৩ জন গ্রেপ্তার।

জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারীদের গ্রেপ্তারে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারদের কড়া নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আগুন-সন্ত্রাস ও ককটেল নিক্ষেপকারীরা যেন কোনোভাবেই রেহাই না পান, সে বিষয়ে পুলিশের প্রতিটি সদস্যকে সজাগ থাকতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো নিরীহ মানুষ যেন পুলিশি হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র, সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা ঠেকাতে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ চলছে। তিনি আরও বলেন, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, নাশকতা ঠেকাতে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ফেসবুকে ডাকা অবরোধে মঙ্গলবার সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ২৮ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেদিন ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ককটেল বিস্ফোরণের ১৯টি ঘটনা ঘটেছে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ঢাকায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

ডিসেম্বরকে ঘিরে দেশজুড়ে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে বলে এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা অভিযুক্ত মাত্র।