গাজীপুর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গ্রেপ্তারের একদিন পর তাঁর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ছয়টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাড়েন্ডা এলাকায় একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে আগুন দেয়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাশিমপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুউদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে। এরপর সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার সকালে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরে থাকা আসবাবসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, ঘরে আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা লুটপাট করেছে।
ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল স্টেশনের কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তাঁর ধারণা, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে থাকতে পারে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালেদ হাসান জানান, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটকের তথ্য পাওয়া যায়নি।