দেশের চার বিভাগের ২৪ জেলার প্রজনন এলাকা নিয়ে করা এক গবেষণায় সবচেয়ে বেশি জলচর পাখি পাওয়া গেছে নওগাঁয়। বিভাগ হিসেবেও পাখির সংখ্যায় সবার ওপরে রাজশাহী। বন বিভাগের উদ্যোগে রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয় গবেষণাটি হয়েছে।
গবেষণায় নওগাঁয় ১২ প্রজাতির ২৫ হাজার ৭৪১টি পাখি পাওয়া গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি গো-বক। পাখির সংখ্যায় দ্বিতীয় সিলেট, সেখানে ছয় প্রজাতির ১৮ হাজার ৩৮২টি পাখি মিলেছে। তৃতীয় নেত্রকোনায় সাত প্রজাতির ১৭ হাজার ৭৪৮টি পাখি পাওয়া গেছে। সবচেয়ে কম পাখি মিলেছে জামালপুরে, পাঁচ প্রজাতির মাত্র ৪৪০টি।
সব জেলা মিলিয়ে প্রজনন কলোনি বা এলাকায় ১৬ প্রজাতির মোট ১ লাখ ৭১ হাজার ৫৫২টি জলচর পাখি পাওয়া গেছে। পাখির বাসা আছে ৮২ হাজার ৮৬টি। সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি পাওয়া গেছে গো-বক, এরপর ছোট পানকৌড়ি ও শামুকখোল। গবেষণায় পাখির সংখ্যা ও বিস্তারের পাশাপাশি তাদের আবাসস্থল, প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের কারণে সৃষ্ট হুমকির চিত্রও উঠে এসেছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের আলীদেওয়ানা গ্রামে বসতভিটার গাছ আর বাঁশঝাড়ে প্রতিবছর নানা প্রজাতির জলচর পাখি বাসা বাঁধে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে তাদের প্রজনন ও ছানা বড় করার পালা। গ্রামে পাখি রক্ষায় একটি সংরক্ষণ কমিটিও গড়ে উঠেছে। কমিটির সভাপতি নির্মল বর্মণ বলেন, “আমরা ২০ বছর ধরে আমাদের এ ছোট গ্রামে পাখিদের আশ্রয় দিয়ে আসছি। গ্রামের সবাই দায়িত্বের সঙ্গে এসব পাখি রক্ষা করে।” বন্য প্রাণী সংরক্ষণে অবদানের জন্য ২০১৮ সালে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন।
গবেষণাটি করেছে বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টার। বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি পরিচালনা করেছেন সেন্টারের পাখিবিদ আল্লামা শিবলী সাদিক। প্রথম পর্যায়ের গবেষণা ২০২৫ সালের জুনে প্রকাশিত হয়েছে, পরবর্তী ধাপের কাজ চলছে। শিবলী সাদিক জানান, নওগাঁয় গবেষণার সময় তাঁরা পেশাদার পাখিশিকারি পাননি; সেখানে পাখির প্রতি দরদ আছে এমন মানুষের দেখা বেশি মিলেছে। স্থানীয় মানুষের এই ভূমিকা পাখির আশ্রয় রক্ষায় সহায়তা করছে বলে তিনি মনে করেন।
গবেষকেরা দেখেছেন, প্রজনন মৌসুমে পাখিরা একই গাছে ফিরে আসে। গাছ কেটে ফেলা না হলে বা বড় কোনো বিঘ্ন না ঘটলে তারা আবার একই স্থানে বাসা বাঁধে। তাই শুধু পাখি নয়, তাদের বাসা বাঁধার গাছ এবং আশপাশের পরিবেশ রক্ষাও জরুরি।