শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

শেরপুরে ১ কোটি ৮০ লাখ টাকার দুটি রেসকিউ বোট সাড়ে চার বছরেও ব্যবহৃত হয়নি, নদীর পাড়ে মরিচা ও যন্ত্রাংশ চুরি

বন্যায় উদ্ধারকাজের জন্য বরাদ্দ পাওয়া বোট দুটি পরিচালনার টাকা না থাকায় কখনো নামানো যায়নি; বেতন না পেয়ে দুই চালকও চলে গেছেন।

বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য সরকারের বরাদ্দ দেওয়া দুটি আধুনিক রেসকিউ বোট সাড়ে চার বছরেও একবারও উদ্ধারকাজে ব্যবহার করা যায়নি। দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটিতে মরিচা ধরেছে, চুরি হয়েছে মূল্যবান কিছু যন্ত্রাংশও।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে ভোগান্তি পোহাতে হয়। দুর্গত মানুষকে দ্রুত উদ্ধার ও জরুরি সেবা দিতে ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে ‘গজনী-১’ ও ‘গজনী-২’ নামের দুটি বহুমুখী রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়। এর জন্য ব্যয় হয় ১ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটি বোটে ৮০ জন যাত্রী ধরে; দৈর্ঘ্য ৫৪ ফুট ও প্রস্থ সাড়ে ১২ ফুট।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, প্রায় তিন বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। বোট দুটি পরিচালনার জন্য কোনো টাকা বরাদ্দ নেই। চালাতে জ্বালানি তেল দরকার হলেও তার জন্য বরাদ্দ পাওয়া যায়নি। বেতন না পেয়ে দুজন চালকও দায়িত্ব ছেড়ে চলে গেছেন। বোট দুটি সচল করতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সংস্কার করে সেগুলো ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

বোট দুটি পড়ে আছে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায়, পুরোনো ব্রহ্মপুত্র ও দশানী নদীর মোহনায়। ২৮ অক্টোবর সেখানে গিয়ে দেখা যায়, একটি বোটের কিছু অংশ তীরে ও কিছু অংশ পানিতে ভাসছে, অন্যটি প্রায় ডুবে আছে।

কামারেরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ব্যবহার না হওয়ায় বোটগুলো দিন দিন নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংস্কার করে বোট দুটি উদ্ধারকাজে ব্যবহার করা হলে বন্যার সময় মানুষের উপকার হতো বলে তিনি মনে করেন। স্থানীয় বাসিন্দা কাদের মিয়া বলেন, বোট এনে রেখে যাওয়া হলেও কখনো তা দিয়ে মানুষকে পারাপার করতে দেখেননি; বন্যায় মানুষ নিজেরাই নৌকা নিয়ে চলাচল করেন।