ভোলার লালমোহন উপজেলার কর্তারহাট-রায়চাঁদ সড়কের দুই পাশের চার শতাধিক গাছ অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রমাগঞ্জ ইউনিয়নে এসব গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে আকাশমণি, রেইনট্রি, মেহগনি ও রোড চাম্বুল। চলতি মাস থেকে গাছ কাটা বন্ধ আছে।
লালমোহন উপজেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত সড়কটির বিভিন্ন স্থানে এখনো গাছের গোড়া দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে লাখ লাখ টাকার গাছ কেটে নেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাঁদের অভিযোগ, রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিমউদ্দীন ও স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচিত মো. মাসুম গাছ কাটার সঙ্গে জড়িত।
অভিযোগ ওঠার পর ৩১ অক্টোবরের এক বিজ্ঞপ্তিতে জসিমউদ্দীনকে দল থেকে বহিষ্কার করেছে ভোলা জেলা যুবদল। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের বলেন, গাছ কাটার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাঁকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লালমোহন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ কর্তারহাট-রায়চাঁদ সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রসারিত করার কাজ চলছে। সড়ক সম্প্রসারণে বাধা সৃষ্টি করা ২৪টি গাছ কাটার অনুমোদন চেয়ে এলজিইডি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছে। তবে এখন পর্যন্ত গাছ কাটার জন্য কোনো দরপত্র আহ্বান করা হয়নি। এর মধ্যেই চার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাছগুলোর মালিকানা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে; কোনো দপ্তরই এগুলোর মালিকানা দাবি করছে না।
লালমোহনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, প্রাথমিক তদন্তে ৬৪টি গাছ কাটার তথ্য পাওয়া গেছে। কেটে নেওয়া গাছের প্রকৃত সংখ্যা নির্ধারণে বন বিভাগের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আবার জরিপ করা হবে। ঘটনার তদন্তে জেলা প্রশাসক বন বিভাগের এক কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছেন। অবৈধভাবে গাছ কাটার প্রমাণ মিললে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।