সরকারি কাজ পেতে নতুন ঠিকাদারদের জন্য বড় ধরনের ছাড় দিচ্ছে সরকার। ১০ কোটি টাকা পর্যন্ত কাজে অভিজ্ঞতার শর্ত শিথিল করা হচ্ছে। তবে এ ছাড় শুধু মাটি কাটা, খাল কাটা, রাস্তা সংস্কার এবং সেতু-কালভার্ট সংস্কারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) এ সুবিধা মিলবে এবং কাজ দেওয়া হবে লটারির মাধ্যমে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) এবং কেনাকাটায় এ সুযোগ থাকছে না।
এ জন্য সরকারি ক্রয় বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদের সবশেষ অধিবেশনে এ-সংক্রান্ত আইন পাস হয়। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) সূত্র জানিয়েছে, সীমিত দরপত্র পদ্ধতিতে এখন পাঁচ কোটি টাকা পর্যন্ত কাজ অভিজ্ঞতা ছাড়া করা যায়। গত বছর অন্তর্বর্তী সরকারের সময় বিধি সংশোধন করে এ সুযোগ দেওয়া হয়েছিল। এর আগে ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিন কোটি টাকা পর্যন্ত পূর্ত কাজের দরপত্রে অংশ নিতে ঠিকাদারদের অভিজ্ঞতা লাগবে না বলে বিধি সংশোধন করা হয়।
এবার গত ২১ সেপ্টেম্বর গণখাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়। সেখানে সুযোগবঞ্চিত ব্যক্তিদের সরকারি কেনাকাটার দরপত্রে অংশগ্রহণের সুযোগ রাখা হয়। তবে উদ্দেশ্য পূরণ না হওয়ায় দুই মাসের ব্যবধানে বিধি আবার সংশোধন করা হচ্ছে।
সংশোধিত বিধিতে নতুন ঠিকাদারদের জন্য তিনটি শ্রেণিবিভাগ করা হচ্ছে। প্রথম ধাপে এক কোটি টাকা পর্যন্ত যেকোনো পূর্ত কাজে কোনো অভিজ্ঞতা লাগবে না; শুধু ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), ভ্যাট নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র থাকলে সীমিত দরপত্রে অংশ নেওয়া যাবে। দ্বিতীয় ধাপে পাঁচ কোটি টাকার পূর্ত কাজে এবং তৃতীয় ধাপে ১০ কোটি টাকা পর্যন্ত কাজে ছোট কাজের অভিজ্ঞতা চাওয়া হবে। এক জেলার ঠিকাদার অন্য জেলার সীমিত দরপত্রে অংশ নিতে পারবেন না।
বিপিপিএর সূত্র বলছে, কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশের কাজে দরপত্রে অংশ নিতে চাইলে দেশীয় কোনো কোম্পানিকে যৌথভাবে নিতে হবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কোনো শর্ত বা সীমাবদ্ধতা থাকলে বিদেশি কোম্পানি এককভাবে অংশ নিতে পারবে। এ ছাড়া দেশীয় পণ্য কেনা বাধ্যতামূলক করা হচ্ছে; যেমন দেশে ভালো ট্রান্সফরমার পাওয়া গেলে তা আমদানি না করে দেশ থেকেই কিনতে হবে।
সরকারের একাধিক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে তৃণমূলে বিএনপির নেতা-কর্মীরা সরকারি কাজ পাননি, ফলে তাঁদের কাজের অভিজ্ঞতা নেই। সরকার গঠনের পর দলীয় নেতা-কর্মীরা সরকারি কাজ পেতে মন্ত্রী-সংসদ সদস্যদের চাপ দিয়ে আসছেন বলেও কর্মকর্তারা জানান।