চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনের দাবিতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা শেষে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, কিন্তু কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং ভোগান্তিতে পড়ছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বারনাইন মিহাদ শাটডাউনের ঘোষণা দেন। সভা শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বাধীনতা চত্বর ঘুরে একটি বিক্ষোভ মিছিল করেন।
একই দাবিতে আজ বেলা দুইটায় চট্টগ্রামে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) কেন্দ্রের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, বিকেল তিনটায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরাও উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করবেন।
সংকটের সূত্রপাত চলতি বছরের ২১ সেপ্টেম্বর। ওই দিন তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে অধ্যাপক সায়েমকে পদে ফেরানোর দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনকারীদের দেওয়া প্রশাসনিক ভবনের তালা এখনো খোলা হয়নি; ফলে বিভিন্ন প্রকল্পের অর্থছাড় ও যানবাহনের বিল পরিশোধসহ নানা কাজ আটকে আছে।