প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী করা, উৎপাদন বাড়ানো এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী খাতটিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন। পদক ছাড়াও সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও র্যালির আয়োজন থাকবে।
খাতটির অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং এ খাতের প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। খাতটির জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।
পুষ্টি চাহিদা পূরণে ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় দুই হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। তাঁর ভাষ্য, গ্রামীণ অর্থনীতির বিকাশেও এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।