সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জমি অধিগ্রহণে আটকে লস্কর-বাইনতলা সেতুর সংযোগ সড়ক, ক্ষতিপূরণের অপেক্ষায় জমির মালিকেরা

পাইকগাছায় ১২০ কোটি টাকার সেতুর ৭৬ শতাংশ কাজ শেষ হলেও ২ দশমিক ৭১ একর জমির অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না।

খুলনার পাইকগাছা উপজেলায় কড়ুলিয়া নদীর ওপর নির্মাণাধীন লস্কর-বাইনতলা সেতুর মূল কাঠামোর ৭৬ শতাংশ কাজ শেষ হলেও সংযোগ সড়কের (অ্যাপ্রোচ) জমি অধিগ্রহণ জটিলতায় পুরো প্রকল্পের গতি কমে গেছে। এতে সেতু কবে চালু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ক্ষতিপূরণের অর্থ না পেয়ে হতাশ জমির মালিকেরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা। পল্লী সড়ক (সিআইবিআরআর) প্রকল্পের আওতায় ৭৪৯ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার প্রশস্ত সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ১৩ নভেম্বর। ঠিকাদারি প্রতিষ্ঠান একই বছরের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু করে।

সংশ্লিষ্ট সূত্র ও প্রকল্পের অগ্রগতি অনুযায়ী, সেতুর মোট ২৪০টি পাইল ও ২৫টি আরসিসি স্প্যানের কাজ শেষ হয়েছে। বর্তমানে নদীর মাঝখানে ৭৫ মিটার দৈর্ঘ্যের স্টিল স্প্যান বসানোর কাজ চলছে। তবে সেতুর দুই পাড়ে লস্কর-খড়িয়া অংশে প্রায় ৩০০ মিটার সংযোগ সড়কের জন্য প্রয়োজনীয় জমির অধিগ্রহণ আটকে থাকায় কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

দুই পাড়ে প্রায় ২ দশমিক ৭১ একর জমির মালিকদের ৩ ধারার নোটিশ দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো ৪ ধারার নোটিশ জারি হয়নি বলে জানা গেছে। ফলে ক্ষতিগ্রস্ত মালিকেরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। চিংড়ি চাষি ও জমির মালিক এস এম রেজাউল করিমসহ কয়েকজন ভুক্তভোগী জানান, সম্প্রতি কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে। কিন্তু কবে নাগাদ টাকা পাবেন, সে বিষয়ে কোনো সময়সীমা বা নিশ্চয়তা তাঁরা পাননি।

সংশ্লিষ্টদের মতে, সেতুটি চালু হলে পাইকগাছা ও কয়রার পাশাপাশি ডুমুরিয়া, বটিয়াঘাটা, তেরখাদা ও সাতক্ষীরার আশাশুনি এলাকার প্রায় ছয় লাখ মানুষ সরাসরি সড়কপথে খুলনা সদরের সঙ্গে যুক্ত হতে পারবেন। এখন যেখানে দুই ঘণ্টা লাগে, তখন লাগবে আধা ঘণ্টা। বর্তমানে পাইকগাছা ও কয়রার বাসিন্দাদের দীর্ঘ পথ ঘুরে শিববাটি ব্রিজ হয়ে যাতায়াত করতে হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সাহেব আলী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সেতু চালুর জন্য তাঁরা প্রস্তুত, কিন্তু অধিগ্রহণ শেষ না হওয়ায় সংযোগ সড়কের কাজ শুরু করা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলজিইডি ও জেলা ভূমি অধিগ্রহণ শাখা যৌথভাবে বিষয়টি দেখছে। উপজেলা প্রকৌশলী এম এ আব্দুস সামাদ বলেন, কাজের সার্বিক অগ্রগতি সন্তোষজনক এবং জেলা শাখা থেকে পাঠানো ফাইল মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা যাবে।