মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১৩টি ইউনিয়নের ১৩ জন সার ডিলারের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে মোট এক লাখ ৩০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টুর বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করছেন। ভবিষ্যতে যেন এ বিষয়ে আর লেখালেখি না হয়, সেই উদ্দেশ্যে প্রত্যেক ডিলারকে ১০ হাজার টাকা করে দিতে বলা হয়েছে বলে তাঁদের অভিযোগ। ইতিমধ্যে কয়েকজন ডিলার টাকা দিয়েছেন, আবার কেউ কেউ দেবেন বলে জানিয়েছেন।
পাঁচগাঁও ইউনিয়নের সার ডিলার কাইয়ুম ফকির বলেন, সেন্টু তাঁর কাছেও টাকা চেয়েছেন। এখনো দেননি, তবে দেবেন। হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ জামান বলেন, বিষয়টি সেন্টু দেখবেন বলে জানিয়েছেন এবং এ নিয়ে তিনি সরাসরি কথা বলবেন।
অভিযোগ প্রসঙ্গে মারুফ ইসলাম সেন্টু বলেন, টাকা নেওয়ার বিষয়টি মিথ্যা। তাঁর ভাষ্য, ১৩ জন ডিলারের মধ্যে ১১ জনের উপস্থিতিতে একটি ফান্ড গঠনের কথা বলা হয়েছে মাত্র। তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।
অভিযোগটি এখনো প্রমাণিত নয়।