সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৬০ ডলার, প্রায় ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি আইবিসির

মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া চলার মধ্যে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বলে এই দাবি জানিয়েছে; ২০২৩ সালে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ২৬০ মার্কিন ডলার নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অঙ্ক দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার টাকা।

শনিবার সকালে আইবিসির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় দাবিটি চূড়ান্ত করা হয়। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সিনিয়র সহসভাপতি আমিরুল হকসহ কেন্দ্রীয় নেতারা।

সভায় বলা হয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। জ্বালানি তেলের দাম বাড়ায় শ্রমিকদের যাতায়াত ভাড়া বেড়েছে, চিকিৎসা ব্যয়ও বেড়েছে। ফলে বর্তমান মজুরিতে পোশাকশ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। আইবিসির ভাষ্য, সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়ায় বাজারদরে আরেক দফা অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে পোশাকশ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের সংকট আরও বেড়েছে।

সংগঠনটি জানিয়েছে, খুব শিগগির অন্যান্য গ্রেডের মজুরির হারও চূড়ান্ত করা হবে। নিম্নতম মজুরি বোর্ড গঠন হলে বোর্ডের চেয়ারম্যান ও শ্রমিকপক্ষের প্রতিনিধির কাছে লিখিতভাবে প্রস্তাব জমা দেওয়া হবে।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিম্নতম মজুরি বোর্ড গঠনে মালিক ও শ্রমিক সদস্যদের নাম চেয়ে চিঠি দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ১৫ অক্টোবর মালিকদের সংগঠন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের কাছে মালিকপক্ষের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির কাছে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নাম চেয়ে চিঠি পাঠানো হয়।

২০২৩ সালে তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল।