কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক যুবককে পিস্তল হাতে গুলি করতে এবং তাঁর পাশে আরও দুজনকে কিরিচ হাতে দেখা যায়।
হঠাৎ গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে মুহূর্তের মধ্যে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। বাজারে শতাধিক দোকান রয়েছে এবং পাশে রোহিঙ্গা আশ্রয়শিবির থাকায় এটি সব সময় জমজমাট থাকে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, এলাকার যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে গোলাগুলি হলেও কেউ হতাহত হননি। পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজকে লক্ষ্য করে মোহাম্মদ মুন্না গুলি ছোড়েন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, মুন্না মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের অনুসারী। এসব অভিযোগ যাচাই করা যায়নি।
জয়নাল আবেদীন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং মুন্না তাঁর অনুসারী নন। তাঁর দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীও বলেন, তিনি শুনেছেন ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণ হয়েছে। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে; ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মাদক ব্যবসা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।