রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বহিষ্কৃত দুই ইন্টার্ন চিকিৎসককে ঘিরে মঙ্গলবার উত্তেজনা তৈরি হয়েছে। সভা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে ওই দুজনের হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁরা হাসপাতালের পরিচালকের কক্ষে আশ্রয় নেন। পরে আলোচনার মাধ্যমে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে বলা হয়, ছয়জন ইন্টার্ন চিকিৎসকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পরিচালকের কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির সভা আহ্বান করা হয়। সভা ডাকার চিঠিটি ৯ নভেম্বর ২০২৬ তারিখের। আবেদনকারী ছয়জনের মধ্যে তিনজনকে বিগত সরকারের সমর্থনপুষ্ট এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওই তিনজনের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেয়, তাঁদের দুই বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কারের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিই মতামত দেবে। সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেন।
এরপর হাসপাতালের বাইরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বহিষ্কৃত দুই ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে। একপর্যায়ে ওই দুই চিকিৎসক পুলিশের সহায়তায় পরিচালকের কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। বাইরে অবস্থানরত শিক্ষার্থীরা তখন দরজায় আঘাত করতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। পরে হাসপাতালের পরিচালক জানান, আলোচনার মাধ্যমে বহিষ্কৃত দুই চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।