শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: শর্টসার্কিটের সুযোগ নেই বলল পল্লী বিদ্যুৎ, তদন্ত শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলার পর প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোনের এজিএম বলেন, কাটআউট ও ফিউজ অক্ষত; নুসরাত তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান।

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। এদিকে ঘটনার তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি শুক্রবার ঘটনাস্থলে গেছে।

গত বুধবার দিবাগত গভীর রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এরপর স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিদ্যুৎ-সংযোগের মিটার খুলে নিয়ে যান। এর দায়িত্বে ছিলেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক। শুক্রবারও তিনি পোড়া বাড়িটি পরিদর্শন করেন।

তোজাম্মেল হক বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার ও মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করা হয়েছে। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে, ট্রান্সফরমারের ফিউজও কাটেনি এবং মেইন সুইচও কাটেনি। তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ওই বাড়িতে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় শর্টসার্কিটের সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুরের বাগোয়ান গ্রামে ওই বাড়িতে যান। তাঁরা বাড়ির বাসিন্দা শাহ আলম এবং নুসরাতের বাবা আবদুল হালিমের কাছ থেকে ঘটনার সময়ের বিভিন্ন খুঁটিনাটি জানতে চান।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম বলেন, পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে তিনি সন্দিহান থাকবেন। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাত দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।