বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়েস্টিন হোটেলের সামনে ঘটনা; আটক তিনজন পুলিশকে বলেছেন, মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন।

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নেতা। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গুলশান থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) ও নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম, যিনি রাজীব পাটোয়ারী নামেও পরিচিত, জানান, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফেরার পথে তিনি ওয়েস্টিন হোটেলের সামনে কয়েকজন যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। পরিচয় জানতে চাইলে চারজন মোটরসাইকেল নিয়ে দ্রুত চলে যান। বাকি তিনজনকে আটকে রেখে তিনি পুলিশকে খবর দেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে স্লোগান দিয়েছেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আটকের পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর রাত তিনটার দিকে জানান, তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। কোন অভিযোগে মামলা হবে, তা তাৎক্ষণিকভাবে জানাননি তিনি। আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।