বর্ষার পানি নেমে যাওয়ার শেষ মুহূর্তে খাবারের সন্ধানে চলনবিলে জড়ো হয়েছে হাজার হাজার সাদা বক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখৈল ও ডাহুক। ভোর থেকেই বিলের মাছ শিকার করতে আসা পাখিদের কলরবে বিল এখন মুখর।
নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা—তিন জেলাজুড়ে বিস্তৃত এই চলনবিলের বড় অংশ পড়েছে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলায়। সিংড়া শহরের চলনবিল গেট থেকে একটি সড়ক সিরাজগঞ্জের বারুহাস হয়ে তাড়াশের দিকে গেছে। বর্ষায় এটি পানির নিচে ডুবে থাকে বলে স্থানীয়ভাবে একে ‘ডুবন্ত সড়ক’ বলা হয়। এখন পানি নামায় সড়কের দুই পাশের অল্প পানিতে পাখিদের আনাগোনা বেড়েছে।
স্থানীয়রা জানান, পাখিরা প্রতিদিন ভোরে একটি নির্দিষ্ট সময়ে বিলের পা-ডোবা পানিতে নেমে আসে এবং গোধূলিলগ্নে দল বেঁধে ফিরে যায়। ছোট মাছের সন্ধানে নামা পাখিদের এই বিচরণ দেখতে স্থানীয় বাসিন্দাসহ দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসছেন। কাকডাকা ভোরেই দৃশ্যটি সবচেয়ে ভালো উপভোগ করা যায়।
পাখিদের নিরাপত্তার পেছনে স্থানীয় তরুণদের উদ্যোগ রয়েছে। তাঁরা ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’, ‘সবুজ বাংলা’ ও ‘চলনবিল পরিবেশ উন্নয়ন’-এর মতো সংগঠন গড়েছেন। ১৪ বছর ধরে পাখির নিরাপত্তায় নেতৃত্ব দেওয়া চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষই তাঁদের সদস্য। পাখি নিধনের উদ্যোগ চোখে পড়লে তাৎক্ষণিক সংগঠনের কেন্দ্রে খবর চলে আসে।
সাইফুল ইসলাম আরও বলেন, বিলে পাখির অবাধ বিচরণ দেখে কেউ কেউ এয়ারগান ও ফাঁদ দিয়ে শিকারের চেষ্টা করে। তাঁরা তা প্রতিহত করার চেষ্টা করেন। এরপরও কেউ পাখি শিকার করলে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়। বিলতীরের বাসিন্দা রাজু আহমেদ ও ফজলে রাব্বিসহ অনেকে পাখি রক্ষায় সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।