বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০ শতাংশ, অর্ধেকের বেশি প্রবৃদ্ধি তুরস্কে

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে, তবে ভারতে আয় কমেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৯ দশমিক ৩০ শতাংশ বেড়ে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে এই প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে একা তুরস্ক থেকে, যেখানে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে এসব বাজার থেকে আয় ছিল ২১৬ কোটি ৯৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরে আয় বেড়েছে প্রায় ২০ কোটি ডলার।

জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে ইতিবাচক ধারা থাকলেও ভারতে আয় কমেছে। ফলে নতুন বাজার সম্প্রসারণে অগ্রগতি হলেও কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা কাটেনি।

প্রচলিত বাজারের ওপর নির্ভরতাও এখনো বেশি। জুলাই-অক্টোবরে মোট পোশাক রপ্তানির ৬৭ দশমিক ৫ শতাংশ গেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে। অপ্রচলিত বাজারের সম্মিলিত অংশ আগের বছরের ১৬ দশমিক ৭০ শতাংশ থেকে বেড়ে ১৭ দশমিক ২৫ শতাংশ হয়েছে।

শুধু অক্টোবরে এসব বাজারে রপ্তানি আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের চেয়ে ৮ দশমিক ৯৯ শতাংশ বেশি। ওই মাসে তুরস্কে রপ্তানি ৭৫ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৫ কোটি ৯৮ লাখ ডলারে পৌঁছেছে। একক মাসের হিসাবে জাপানের পরেই ছিল তুরস্ক; জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।