বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজধানীর তিন ফিলিং স্টেশনে কম জ্বালানি তেল দেওয়ার প্রমাণ, বিএসটিআইয়ের অভিযান

মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁওয়ের তিন পাম্পে পরিমাপযন্ত্র যাচাই করে একটি করে ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ মিলেছে।

রাজধানীর তিনটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মালিবাগ, টিকাটুলী ও খিলগাঁওয়ের তিনটি পাম্পে তেল পরিমাপে কারচুপির প্রমাণ মেলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মালিবাগের চৌধুরীপাড়ায় মালিবাগ অটো সার্ভিসের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। টিকাটুলীর হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে একই অনিয়ম ধরা পড়ে। খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনেও তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

অভিযানের নেতৃত্ব দেন বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমান। এতে সংস্থাটির সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে। ভোক্তারা যাতে সঠিক পরিমাপে জ্বালানি তেল পান, সে জন্য নিয়মিত পরিমাপযন্ত্র যাচাই করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।