শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫

বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশে নেমে আসার বছরেও চারঘাটের কলেজটির শতভাগ পরীক্ষার্থী পেয়েছেন সর্বোচ্চ গ্রেড।

এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমলেও ব্যতিক্রমী সাফল্য পেয়েছে রাজশাহী ক্যাডেট কলেজ। কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জনের সবাই জিপিএ-৫ পেয়েছেন। শুধু শতভাগ পাসই নয়, শতভাগ জিপিএ-৫ অর্জনের ধারাবাহিকতাও ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন আনোয়ার হোসেন মনজুর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এবার কলেজ থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং প্রত্যেকেই সব বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন।

এ বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার মাত্র ৪৫ দশমিক ০৬ শতাংশ। এমন ফলাফলের মধ্যে ক্যাডেট কলেজের এই সাফল্য আলাদা গুরুত্ব বহন করছে।

অধ্যক্ষ বলেন, ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য আছে। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখা হয় না; তাঁদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণ, নিয়মিত খেলাধুলা এবং সৃজনশীলতা বিকাশের নানা সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ক্যাডেট কলেজগুলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে অধ্যক্ষ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।