মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যে ডিআরইউ ও ক্র্যাবের প্রতিবাদ, ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি

মাদকের টাকা না পেলে সাংবাদিকেরা পুলিশকে অকার্যকর বলে লেখেন—আইজিপির এমন বক্তব্যকে ঢালাও ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাংবাদিকদের নিয়ে দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। সোমবার পৃথক দুটি বিবৃতিতে সংগঠন দুটি এ প্রতিবাদ জানায়।

পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন পুলিশ অকার্যকর। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশিত হয়।’

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বিবৃতিতে বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এ ধরনের ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। আইজিপির মতো দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য অগ্রহণযোগ্য। তাঁরা বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, পুলিশের সর্বোচ্চ পদে থাকা কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক। মাদক নির্মূলে পুলিশের কার্যকর ভূমিকা যেমন জরুরি, তেমনি পুলিশের জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন সাংবাদিকতার ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মাদক কারবারিদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ থাকলে তা নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু প্রমাণ ছাড়া সামগ্রিকভাবে সাংবাদিকদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা দায়িত্বশীল আচরণের পরিচায়ক নয়। ক্র্যাব নেতারা আইজিপির মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

এর আগে আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য নিয়েও মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দলগুলো নিন্দা জানিয়েছিল।