নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ওই দিন ক্লাস ও পরীক্ষার দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম অনুযায়ী ছুটি নিয়েছিলেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা হয়েছে কি না, তা প্রশাসনকে জানাতে হবে। এসব তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
সংগঠনটি ১০ নভেম্বর সারা দেশে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিল। ধর্মঘটে শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল।
প্রায় একই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছিল। ওই বিশ্ববিদ্যালয়ে ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া কোন কোন শিক্ষক ক্লাস নেননি, তাঁদের নামের তালিকা ১১ নভেম্বর বিকেল চারটার মধ্যে জমা দিতে ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছিল; জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সামগ্রিক তথ্যের পাশাপাশি শিক্ষকদের অনুপস্থিতি ও বিধি অনুযায়ী ছুটির বিষয়টিও জানতে চেয়েছে।