দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা; এর আগে একদিনে সবচেয়ে বেশি ১০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগীদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৮৯৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪১, খুলনায় ২৫০, রাজশাহীতে ২২৯, বরিশালে ২১৭, রংপুরে ১১২, ময়মনসিংহে ৯৭ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এ বছর মোট মৃত্যু হয়েছে ৪০০ জনের। মাসওয়ারি হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।