প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কমিটির সভাপতি। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক); তিনি কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। কমিটিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দিতে হবে।
ঘটনার সময়
চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিজি-৩৭৭ ফ্লাইটটির ঢাকায় ফেরার কথা ছিল। টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান বাংলাদেশের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে ‘স্পয়লার’-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। এরপর উড্ডয়ন সাময়িকভাবে বাতিল করে ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। মেরামত শেষে নির্ধারিত সময়ের পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এর আগে ফ্লাইট ছাড়তে বিলম্বের খবর জানা গিয়েছিল। এখন ত্রুটির কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ এল।