রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব উদ্বোধন করলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন
রাজশাহী মহানগরীতে দুই দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে, যেখানে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকার শাপলা কালচারাল স্কুলে দুই দিনব্যাপী ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’ শুরু হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। তাকে বর্ণিল আয়োজনে সংগীত ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে তিনি ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বৈষম্য দূর করা এবং সুন্দর সমাজ গঠনের প্রেরণা জোগায়। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
মো. মাহফুজুর রহমান রিটন আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া জরুরি। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁর মানবিক, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ধারণের সুযোগ পাবে।
তিনি যোগ করেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি সংস্কৃতি ও সৃজনশীলতারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মোহসিন আলী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
নজরুল উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।