বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ, প্রশাসনের ‘অনুরোধের’ অভিযোগ নাকচ করলেন প্রক্টর

জুলাই গণ-অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া পাঁচ শিক্ষক দুই দিনে পদত্যাগপত্র দিয়েছেন; একজনের দাবি, প্রশাসন পদ ছাড়তে বলেছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এ পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁদের পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অনুরোধ’ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযোগ নাকচ করে প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, এখন পর্যন্ত পাঁচজনের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এর মধ্যে বুধবার দুজন ও বৃহস্পতিবার তিনজন পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা পাঁচজন হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ে মোট ২১ জন সহকারী প্রক্টর আছেন।

পদত্যাগকারীদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁকে প্রশাসনের একজন কর্মকর্তা জিজ্ঞাসা করেছিলেন, পদত্যাগ করলে সুবিধা হয় কি না। তাঁকে বলা হয়েছিল, পদত্যাগ করলে খুব ভালো হয়। পরে সেই অনুরোধে তিনি সম্মত হন। আরেকজন শিক্ষক বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং এখন একাডেমিক কাজে আরও মনোযোগী হতে চান।

প্রক্টর ইসরাফিল রতন বলেন, “বাংলাদেশের সবাই তো রাজনৈতিকভাবে সচেতন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা হাসলেও, কাঁদলেও রাজনৈতিক কিছু দেখতে পাই। তবে বিষয়টি শেষ পর্যন্ত তাঁরাই বলতে পারবেন। আমার পক্ষ থেকে এ ধরনের কোনো চাপ অনুভব করছি না বা চাপ প্রয়োগ করা হয়নি।”