সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসকদের অনুপস্থিতি, রোগী বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন নেওয়া এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়মের চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে। রোববার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংগঠনটির ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালগুলোয় প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে কোনো কোনো চিকিৎসক পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকেন। প্রতিবেদনের হিসাবে, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোয় রোগী রেফারেল বাবদ এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।
কেন্দ্রীয় ঔষধাগার অধিদপ্তরের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্যও পাওয়া গেছে। কেনা চিকিৎসা সরঞ্জামের মধ্যে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কোনো কোনো যন্ত্রপাতি বাজারদরের তুলনায় সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে কেনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদনে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। বিএইচডব্লিউর আহ্বায়ক ডা. আহমেদ মুস্তাক রাজা চৌধুরী ও আইসিডিডিআরবির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। ১৭ জন গবেষকের অংশগ্রহণে এতে ১১টি অধ্যায় যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দুর্নীতির অন্যতম কারণ। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়; প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে সততা ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করতে হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, শুধু ব্যক্তিবিশেষকে শাস্তি দিয়ে স্বাস্থ্য খাতের সংকট দূর করা যাবে না; এ জন্য পুরো স্বাস্থ্যব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন।