রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে সাইকেল গ্যারেজ উদ্বোধন ঘিরে প্রভোস্টের সঙ্গে ছাত্রদল কর্মীদের বাকবিতণ্ডা

নবনির্মিত সাইকেল গ্যারেজের উদ্বোধনে সাবেক শিবির নেতার উপস্থিতি নিয়ে আপত্তি তুলে হল প্রভোস্টের কক্ষে বাকবিতণ্ডায় জড়ান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা; প্রভোস্ট বলছেন, কাউকে আলাদা করে ডাকা হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধনকে কেন্দ্র করে হল প্রভোস্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টার দিকে প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শিবিরের নেতাদের গুরুত্ব দিয়ে ও তাঁদের নিয়ে গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদলকর্মী খন্দকার মেহেদী প্রভোস্টকে উদ্দেশ করে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ে কোনো কর্মসূচি করা যাবে না।

মতিহার হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা দাবি করেন, সাইকেল গ্যারেজ নির্মাণ ও গ্রিল বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছাত্রদল তুলেছিল। কিন্তু তাদের গুরুত্ব না দিয়ে শাখা শিবিরের নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, অনুষ্ঠানের ১০–১৫ মিনিট আগে তাদের বিষয়টি জানানো হয়।

অন্যদিকে হল সংসদের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম বলেন, গ্যারেজ নির্মাণে হল সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি শিবিরের পরিচয়ে নয়, হল সংসদের সাবেক ভিপি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানান। তাঁর অভিযোগ, হল প্রশাসন উদাসীন ছিল; গ্যারেজের কাজ অনেক আগে শেষ হলেও হল সংসদ থাকাকালে তা উদ্বোধনের সুযোগ প্রশাসন সহজ করেনি।

প্রভোস্ট অধ্যাপক সামিউল ইসলাম সরকার জানান, তিনি কাউকে আলাদাভাবে ডাকেননি; তাজুল ইসলাম নিজ থেকেই সেখানে এসেছিলেন। তাঁর ভাষ্য, গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে বলা হয়েছিল। অনুষ্ঠান ছিল সকাল সাড়ে ৯টায়। উপস্থিতি নিশ্চিত করতে হলের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও তিনি জানান।

উদ্বোধনের পর প্রভোস্টের কক্ষে বাকবিতণ্ডার সময় হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।