উত্তরের জেলা পঞ্চগড়ে শীত জেঁকে বসতে শুরু করেছে। রাতভর কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় সড়কে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তেঁতুলিয়ায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
স্থানীয়রা জানান, রাতভর বৃষ্টির ফোঁটার মতো কুয়াশা ঝরায় ভোরে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষ ও যানবাহনের চালকদের। কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে গরম অনুভূত হয়।