সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সোনার দাম থেকে ধাপে ধাপে বাদ যাবে মজুরি ও মুনাফা, ভরিতে ছয় হাজার টাকার বেশি কমিয়েছে জুয়েলার্স সমিতি

পুরোনো নিয়মে ফিরতে সোনার দামের সঙ্গে জড়ানো অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফা আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন সমিতির নেতারা; কিছু ব্যবসায়ী এর বিরোধিতা করেছেন।

দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। এর অংশ হিসেবে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া হবে। গত শনিবার প্রথম দফায় ভরিপ্রতি সোনার দাম ছয় হাজার টাকার বেশি কমিয়ে সমিতি এ পথে কিছুটা এগিয়েছে।

সমিতির সূত্রে জানা গেছে, শনিবার সমিতির কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা হয়। সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে সভায় পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। সভায় সোনার দাম থেকে মজুরি ও মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়, যদিও কিছু ব্যবসায়ী এর বিরোধিতা করেছেন।

সিদ্ধান্তের পর শনিবার রাতেই দাম কমানোর ঘোষণা দেয় সমিতি। এতে ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এ ছাড়া পুরোনো অলংকার বদল বা বিক্রি করলে ক্রেতারা আগের চেয়ে ৩ শতাংশ বেশি অর্থ পাবেন। তবে নতুন অলংকার কিনতে এখন থেকে আলাদা করে মজুরি দিতে হবে।

জানা যায়, এক বছরের বেশি সময় ধরে সোনার দাম দুই লাখ টাকার ওপরে ছিল। উচ্চ দামের কারণে জুয়েলারি ব্যবসায় বছরজুড়েই মন্দাভাব ছিল। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের কিছু প্রতিষ্ঠান সমিতির নির্ধারিত দামের চেয়ে ভরিতে ৫ থেকে ১০ হাজার টাকা কমে সোনা বিক্রি করছে বলে অভিযোগ ওঠে। আবার চলতি মাসে সোনার দাম নির্ধারণসহ বাজারের সার্বিক নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আনার দাবিতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সরকারকে লিগ্যাল নোটিশ দেন। এই প্রেক্ষাপটেই সমিতি পুরোনো ধারায় ফেরার সিদ্ধান্ত নেয়।

সমিতির সভাপতি এনামুল হক খান বলেন, ক্রেতারা প্রায়ই অভিযোগ করেন, ভারতের চেয়ে বাংলাদেশে ভরিতে সোনার দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি। অথচ মজুরিসহ হিসাব করলে ভারতে দাম কিছুটা বেশি।

ব্যবসায়ীরা জানান, আগে অলংকার তৈরির খরচ ও বিক্রয়মূল্যের মধ্যে ব্যবধান ছিল প্রায় ১৬ হাজার টাকা, নতুন সিদ্ধান্তের পর তা কমে প্রায় ১০ হাজার টাকায় নেমেছে এবং ভবিষ্যতে আরও কমতে পারে। সমিতির সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ভবিষ্যতে সোনার দামের সঙ্গে অন্য কিছু যুক্ত থাকবে না। সে ক্ষেত্রে গ্রাহকদের প্রতি গ্রামে ৩ হাজার টাকা, অর্থাৎ ভরিতে প্রায় ৩০ হাজার টাকা মজুরি দিতে হবে বলে তিনি জানান। তাঁর ভাষ্য, বিশ্বের অন্যান্য দেশে এই মডেলেই জুয়েলারি ব্যবসা চলে।