মাঝারি পর্যায়ের একটি বেসরকারি ব্যাংক থেকে এনে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি বিষয়টি জানতে চান।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত বছরের জুনে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি, এস আলমের ১০ হাজার ২০০ কোটি, এননট্যাক্সের ৭ হাজার ৮০০ কোটি এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা। তাঁর অভিযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ দেওয়া পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের মধ্য দিয়ে ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের হাতে দেওয়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা ইতিবাচক ছিল। কিন্তু বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে জনতা ব্যাংকের এমডি করা হয়েছে, যে ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ আছে। তিনি প্রশ্ন রাখেন, এমডি নিয়োগের যোগ্যতা কী।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ নেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ হয়ে থাকে, যা বেসরকারি খাত থেকে যেমন হতে পারে, তেমনি সরকারি ব্যাংকে কাজ করেছেন এমন ব্যক্তিদের মধ্য থেকেও হতে পারে।
অর্থমন্ত্রী বলেন, নিয়োগে একটি প্যানেল আছে এবং প্যানেলের মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত দেখে সবচেয়ে যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে। শুধু এমডি নয়, পরিচালনা পর্ষদও যোগ্য ব্যক্তি দেখে নির্বাচন করা হচ্ছে বলে জানান তিনি। তাঁর দাবি, রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি, ভবিষ্যতেও হবে না।
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরে আসছে এবং খাতটি ঘুরে দাঁড়াচ্ছে।