বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯

৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা চার লাখ ৫২ হাজারের বেশি নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। আসন্ন ইউপি নির্বাচনে তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর হয়েছে, তাঁদের এই তালিকায় যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া ভোটারের সংখ্যা ৪ লাখ ৫২ হাজার ১০৬।

তালিকা অনুযায়ী মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। এ ছাড়া তালিকায় হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। সে হিসাবে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে প্রায় ২৩ লাখ ৮৫ হাজার বেশি।