ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবে আগামী ২৩ নভেম্বর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা একটি রিটের শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেন এবং এ বিষয়ে রুল জারি করেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
চেম্বার আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান শুনানিতে অংশ নেন। রিটকারী আইনজীবী কামরুন নাহার মাহমুদ নিজেই অপর পক্ষে উপস্থিত ছিলেন।
রিটে বলা হয়েছিল, উচ্চমাধ্যমিকে এ বছর যাঁরা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা আবার পরীক্ষা দিতে পারবেন। এই পরীক্ষার ফল ঘোষণার আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করাকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে রিট করা হয়। ২৩ নভেম্বরের শুনানিতে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ নিয়ে কী সিদ্ধান্ত দেন, সেদিকে তাকিয়ে আছেন ভর্তিচ্ছুরা ও বিশ্ববিদ্যালয়গুলো।