শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়ক দুই লেনে উন্নীত করতে ভূমি অধিগ্রহণ শুরু, চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথ কমবে ২৮ কিলোমিটার

৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়কটির উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা; কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার যেতে সময় সাশ্রয় হবে প্রায় ৪৫ মিনিট।

চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব ২৮ কিলোমিটার কমাতে আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্ণফুলী টানেল হয়ে কক্সবাজার যেতে প্রায় ৪৫ মিনিট সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৫৮ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ সড়ক উন্নয়নে ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি ৬৭ লাখ টাকা। চলতি বছরের ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়। নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রকল্পের আওতায় আনোয়ারার কালাবিবির দীঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়কটি উন্নীত ও প্রশস্ত করা হবে। এর মধ্যে চট্টগ্রাম অংশে ৩৬ কিলোমিটার সড়ক চারটি প্যাকেজে এবং কক্সবাজার অংশে ২২ দশমিক ২০ কিলোমিটার দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হবে। কক্সবাজার অংশের একটি এবং চট্টগ্রাম অংশের একটি প্যাকেজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে; বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে বলে জানা গেছে।

সড়ক বিভাগ জানিয়েছে, সড়কটি বর্তমানে ৫ দশমিক ৫০ মিটার প্রশস্ত। এটি ১০ দশমিক ৩০ মিটারে উন্নীত করে স্ট্যান্ডার্ড দুই লেনের সড়ক করা হবে। সংযোগ সড়কটি কর্ণফুলী টানেল-আনোয়ারা-বাঁশখালী হয়ে সরাসরি কক্সবাজারের চকরিয়া-বদরখালী আঞ্চলিক মহাসড়ক (আর-১৭২) দিয়ে জাতীয় মহাসড়ক এন-১-এর সঙ্গে যুক্ত হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী ডিসেম্বরে বাস্তব নির্মাণকাজ শুরু করা যাবে। সড়ক বিভাগ বলছে, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হওয়ায় উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যোগাযোগ সহজ হবে।