নওগাঁর মহাদেবপুর উপজেলায় এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত এরশাদ হোসেন উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মরহুম নওশাদ আলীর ছেলে। সকালে রাস্তার পাশের ধানক্ষেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। স্থানীয়রা জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, এরশাদ মঙ্গলবার বিকেলে জিগাতলা বাজারের উদ্দেশে বাসা থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, দুর্বৃত্তরা এরশাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করে লাশটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।