বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে দুই মাদক কারবারিকে তাবলিগ জামাতে পাঠিয়েছে কচুয়া থানা পুলিশ

জালাল ও হেলালকে অপরাধজগৎ থেকে ফেরাতে তাবলিগে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

চাঁদপুরের কচুয়া থানায় মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তি, জালাল ও হেলালকে সংশোধনের জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ তাদের তিন দিনের জন্য তাবলিগ জামাতে পাঠিয়েছে। লক্ষ্য, তাদের অপরাধজগৎ থেকে দূরে রাখা। কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলামের নেতৃত্বে এই পদক্ষেপ নেওয়া হয়। জানা গেছে, জালাল ও হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তারা কারাবাসও করেছেন। জামিনে মুক্তি পেয়ে তারা একই অপরাধে পুনরায় জড়ায়। এরপরই ওসি আজিজুল ইসলাম তাদের নৈতিক পরিবর্তনের জন্য তাবলিগে পাঠানোর পদক্ষেপ নেন। স্থানীয়দের সহায়তায় জালাল ও হেলাল কচুয়া থানায় যান এবং জোহরের নামাজ আদায় করে ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা মাদক ব্যবসা ও সেবন পরিহারের প্রতিশ্রুতি দেন। তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এবং প্রতি মাসে তিন দিন তাবলিগে সময় দেওয়ার অঙ্গীকার করেন। ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আইনি পদক্ষেপের মাধ্যমে সমাজ থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয়। অপরাধীর নৈতিক ও মানসিক রূপান্তর অনেক জরুরি। ওসি আরো জানান, তারা চান জালাল ও হেলাল অপরাধমুক্ত জীবন যাপন করে সমাজে ভালো নাগরিক হিসেবে ফিরে আসুক। পুলিশের এই মানবিক উদ্যোগটি স্থানীয় সচেতন মহলেও প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন যে, নৈতিক ও মানসিক পরিবর্তনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে।