দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণ ও দ্রুততর করার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন।
বিলটি আরও যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি জানান বিরোধীদলের কয়েকজন সংসদ সদস্য, তাঁদের মধ্যে রংপুর-১ আসনের রায়হান সিরাজী, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও পাবনা-৩ আসনের আলী আসগর ছিলেন। তবে তাঁদের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিল উত্থাপনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৃহত্তর জনস্বার্থে এই আইন করা হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুতের মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ আগেই জারি করা হয়েছিল, যার ভিত্তিতে এখন বিল পাস হলো।
প্রস্তাবিত আইনটি মূলত ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ সম্প্রসারণে সহায়তা করবে। আগামী গ্রীষ্মের আগে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য ঠিক করা হয়েছে, যাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান আইনে দীর্ঘমেয়াদি বিদ্যুতের মূল্য নির্ধারণ, ভবনের ছাদ ব্যবহারের ভাড়া পরিশোধ এবং দুই বিনিয়োগ মডেলের আওতায় স্থাপনার রক্ষণাবেক্ষণের দায়িত্বসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না। পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি বিনিয়োগকারীরা সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় বহন করে ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করবেন। মূলধনী ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে ভবন মালিক বা অন্য কোনো প্রতিষ্ঠান ব্যয় বহন করবে এবং ব্যবস্থার মালিকানা তাদেরই থাকবে।
এর আগে ৯ নভেম্বর আইনমন্ত্রী সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেছিলেন। তখন পাবনা-১ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সরাসরি বিল না এনে সরকার কেন অধ্যাদেশ জারি করেছিল।